
আগামী ১ মে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘এক দিন’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে হিন্দি ভাষায় সাবলীলভাবে কথা বলতে না পারায় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন।
মুম্বাইয়ে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ শীর্ষক মিউজিক্যাল ইভেন্টে দর্শক ও গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার সময় হিন্দি বলতে কিছুটা অসুবিধায় পড়েন এই অভিনেত্রী। এক পর্যায়ে তিনি হাসিমুখে স্বীকার করেন, তার হিন্দি খুব ভালো নয়। এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই অনলাইনে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এরই প্রভাব পড়ে পরিচালক নিতেশ তিওয়ারির বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’-এ তার কাস্টিং নিয়েও। অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন, হিন্দিতে দুর্বল একজন অভিনেত্রী কীভাবে ‘সীতা’ চরিত্রে অভিনয় করবেন। কেউ কেউ তার কণ্ঠ ডাবিং করা হবে কি না—এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
তবে সমালোচনার পাশাপাশি সাই পল্লবীর পক্ষে দাঁড়িয়েছেন বহু ভক্ত। তাদের মতে, ভাষা নয়, অভিনয় দক্ষতাই মুখ্য। উদাহরণ হিসেবে তারা ক্যাটরিনা কাইফ ও জ্যাকলিন ফার্নান্দেজের মতো তারকাদের কথা উল্লেখ করেছেন, যারা ক্যারিয়ারের শুরুতে হিন্দিতে সাবলীল ছিলেন না, তবুও বলিউডে সফল হয়েছেন।
ভক্তদের মতে, একজন অভিনেতা সংলাপ মুখস্থ করে পর্দায় আবেগ ফুটিয়ে তুলতে পারলেই যথেষ্ট, তার বাস্তব ভাষাজ্ঞান সবসময় মুখ্য বিষয় নয়।
এদিকে বিতর্কের মাঝেও আমির খান প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘এক দিন’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। সুনীল পান্ডে পরিচালিত এই রোমান্টিক ড্রামায় আমির খানের ছেলে জুনায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। সিনেমাটি ২০১৬ সালের থাই চলচ্চিত্র ‘ওয়ান ডে’-এর রিমেক।
সব মিলিয়ে ভাষাগত বিতর্কের মধ্যেও সাই পল্লবীর অভিনয় দর্শকদের মন জয় করতে পারে কি না—সেদিকেই এখন নজর সিনেমাপ্রেমীদের।