
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাকিস্তানের স্বর্ণ ও রৌপ্য পদকজয়ী নারী কারাতে খেলোয়াড় আরজু হায়দার আলি। বুধবার (২২ এপ্রিল) সকালে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার মৃত্যুতে দেশটির ক্রীড়াঙ্গনে শোক নেমে এসেছে।
ঘটনাটি ঘটে গত ২০ এপ্রিল, যখন আরজু এক সহখেলোয়াড়কে নিয়ে স্কুটিতে করে হাজারাটাউন থেকে আয়ুব স্টেডিয়ামের উদ্দেশে রওনা হন। সেখানে একটি কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা ছিল তার। পথে স্পিনি রোডের সিপিইসি চক এলাকায় নির্মাণকাজ চলায় সড়কে ছড়িয়ে থাকা বালু ও ধ্বংসাবশেষে স্কুটি পিছলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান তিনি।
দুর্ঘটনার পর দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
আরজু হায়দার আলি জাতীয় পর্যায়ে একাধিক সাফল্যের জন্য পরিচিত ছিলেন। স্বর্ণ ও রৌপ্য পদকজয়ী এই খেলোয়াড়কে দেশটির সম্ভাবনাময় ক্রীড়াবিদদের একজন হিসেবে বিবেচনা করা হতো। তার অকাল মৃত্যুতে সহখেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংশ্লিষ্টরা গভীর শোক প্রকাশ করেছেন।
এই দুর্ঘটনার পর নগরীর সড়ক নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নির্মাণকাজের কারণে সড়কে পড়ে থাকা ধ্বংসাবশেষ চলাচলকারীদের জন্য যে ঝুঁকি তৈরি করছে, তা নিয়ে দেশটিতে সচেতনতা বাড়ানোর দাবি উঠেছে।