
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৮শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে ১৫৯ পরিবারের খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। পরে মেরুং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আরও ৯১ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্য প্রতি পরিবারকে সাড়ে ৭ কেজি চাল, ১কেজি ডাল, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি রয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে খাদ্য সহায়তায় স্বস্তি প্রকাশ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো.দুলাল হোসেন বলেন, দীঘিনালায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি খাগড়াছড়িতে মোট ৮০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও সহায়তা বিতরণ করা হবে। এছাড়া ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারেকে নগদ ৮ হাজার টাকা করে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন শান্তিপ্রিয় চাকমা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।