
দুই সপ্তাহেরও কম সময় কিছুটা কম থাকার পর রাজধানীর বাজারে আবার বাড়তে শুরু করেছে সবজির দাম। প্রায় সব ধরনের সবজিই এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে। কয়েক দিনের ব্যবধানে কোনো কোনো সবজির কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। এর পাশাপাশি গত সপ্তাহের তুলনায় বেড়েছে মুরগি ও হাঁসের ডিমের দাম। সব মিলিয়ে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। মাছ ও মাংসের উচ্চমূল্যের কারণে অনেক পরিবার আগে থেকেই খাদ্যতালিকায় এসব পণ্যের পরিমাণ কমিয়ে এনেছে। এর মধ্যে সবজির দামও বেড়ে যাওয়ায় সীমিত আয়ের মানুষের দৈনন্দিন বাজারের খরচ সামলানো আরও কঠিন হয়ে উঠেছে।
অনেক ক্রেতার ভাষ্য, মাছ-মাংস কেনার সামর্থ্য না থাকায় তাঁদের সবজির ওপর নির্ভর করতে হয়। কিন্তু সেই সবজিও এখন নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে তুলনামূলক কম দামের খাবার হিসেবে ডিম ও আলুর ওপর নির্ভর করতে হচ্ছে তাঁদের।
কোন সবজির দাম কত
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১৫০ টাকা এবং শিম ১০০ থেকে ১৫০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি ঢেঁড়শ ১০০ টাকা, টমেটো ১৮০ টাকা, পেঁপে ৩৫ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা ও চিচিঙ্গা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ফুলকপি ও বাঁধাকপির দামও ক্রেতাদের নাগালের বাইরে। প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা এবং বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকায়। প্রতি পিস লাউয়ের দাম ৭০ থেকে ৮০ টাকা। চারটি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। অন্যদিকে শাকের বাজারে প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, কলমিশাক ২০ টাকা ও পুঁইশাক ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও স্বস্তি নেই। বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায়। ফলে তুলনামূলক কম খরচে পরিবারের প্রোটিনের চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন ক্রেতারা।
মাছ-মাংসের দামেও স্বস্তি নেই
মাছের বাজারেও চড়া দাম দেখা গেছে। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫২০ টাকা পর্যন্ত। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের কেজিপ্রতি দাম ৫০০ থেকে ১২০০ টাকা। এ ছাড়া প্রতি কেজি গরুর মাংস ৮২০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারেও দাম কমেনি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা, কক মুরগি ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে কোনো পণ্যের দাম দু-এক দিন কমলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয় না। কিছুদিন কম দামে কেনাকাটার সুযোগ মিললেও অল্প সময়ের মধ্যেই আবার দাম বেড়ে যায়। বিশেষ করে সবজির বাজারে ঘন ঘন এই মূল্যবৃদ্ধি তাঁদের মাসিক খরচের হিসাব এলোমেলো করে দিচ্ছে।
শুক্রবার খিলক্ষেতের বাজারে কেনাকাটা করতে আসা জাহিদ আনোয়ার বলেন, মাছ-মাংসের বাজারে যে আগুন, তা কেনা এখন তাঁদের জন্য বিলাসিতায় পরিণত হয়েছে। এখন আবার সবজির বাজারেও আগুন। প্রতিদিনের খাবারের জন্য সবজি কিনতেই হয়। কিন্তু যেভাবে দাম বাড়ছে, তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। এখন ডিম আর আলুর ওপরই নির্ভর করতে হচ্ছে। এর মধ্যেই আবার ডিমের দাম বেড়ে গেছে।