
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ছাড়া অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন—উপজেলার মাস্তা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুর মান্নানের ছেলে আব্দুল মোমিন মিয়া (৩০), কামদিয়া ইউনিয়নের দুখুসুখু গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জহুরুল ইসলাম (৪৫), একই গ্রামের শ্রীমল রহম হাসদার ছেলে সাঁওতাল যুবক শ্রীমল হাসদা (২২) এবং দরবস্ত ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রগিম প্রধানের ছেলে মোতাহার হোসেন প্রধান (৬০)।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি আব্দুল মোমিন মিয়া। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির কাছের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অন্যদিকে, শ্রীমল হাসদার বাড়ি থেকে জহুরুল ইসলাম ও শ্রীমল হাসদার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি বিদ্যুৎ সংযোগের তারে জড়ানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে জহুরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শ্রীমল হাসদাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এ ছাড়া ঢাকা-রংপুর মহাসড়কের পাশে গোবিন্দগঞ্জ উপজেলা সদর থানা মোড় এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় মোতাহার হোসেন প্রধানকে। গত বুধবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক স্বপন সরকার জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আব্দুল মোমিন মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জহুরুল ইসলাম ও শ্রীমল হাসদা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এসব ঘটনায় পৃথকভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।