
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অবহেলার প্রমাণ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
শনিবার (১৮ জুলাই) সকালে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ মেলায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শুক্রবার সংশ্লিষ্ট সাতজনকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকির ফাঁক গলে বন্দি রিম্পা (২১) অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
কারা সূত্র জানায়, রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজা ভোগের জন্য তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পর কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারাগারজুড়ে তল্লাশি চালালেও তার কোনো খোঁজ মেলেনি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায়, তিনি সীমানা প্রাচীর টপকে কারাগার থেকে বেরিয়ে গেছেন।
এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।