
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। কোনো একক রাষ্ট্রের পক্ষে এ সংকটের সমাধান করা সম্ভব নয়। দেশে গ্যাসের সংকট ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।
তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। পূর্বের দেশগুলো—বার্মা (মিয়ানমার), মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্যাসিবাদী আমলে নারীর প্রতি সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা নারীদেরও নিপীড়নের শিকার হতে হয়েছে। ফ্যাসিবাদের সময়ে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন।
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার নিন্দা জানিয়ে রিজভী বলেন, যারা নারীদের ওপর হামলা করে তারা কাপুরুষ। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা একটি ঘৃণ্য অপরাধ।