
পার্বত্য চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রামের আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ সম্প্রসারণ করে ফটিকছড়ি উপজেলা হয়ে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন ২৯৮ খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী বরাবর পাঠানো ওই ডিও লেটারে তিনি এই রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা গ্রহণ ও ডিপিপি প্রণয়নের উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ডিও লেটারে ওয়াদুদ ভূঁইয়া উল্লেখ করেন, চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যমান চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ সম্প্রসারণ করে ফটিকছড়ি উপজেলা হয়ে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নাজিরহাট পর্যন্ত রেললাইন বিদ্যমান রয়েছে। এ অবস্থায় নাজিরহাট থেকে ফটিকছড়ি হয়ে রামগড় পর্যন্ত নতুন রেলপথ সম্প্রসারণ করা হলে হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, লক্ষ্মীছড়ি, মহালছড়ি ও রামগড় অঞ্চলের মানুষের যাতায়াত সহজ ও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি কৃষিপণ্য ও স্থানীয় উৎপাদিত পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
বিশেষ করে রামগড় স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠা, পর্যটনশিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে প্রস্তাবিত রেলপথটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, একই সঙ্গে জাতীয় রেল যোগাযোগ নেটওয়ার্কের সম্প্রসারণের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলেও ডিও লেটারে উল্লেখ করা হয়।
প্রস্তাবিত রেলপথের বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা সমীক্ষা) গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সমীক্ষার আওতায় সম্ভাব্য বিকল্প রুট, মোট দূরত্ব, পাহাড়ি ভূপ্রকৃতি, পরিবেশগত প্রভাব, ভূমি অধিগ্রহণ, প্রয়োজনীয় অবকাঠামো, নির্মাণ ব্যয়, যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা এবং আর্থিক ও অর্থনৈতিক সম্ভাবনা মূল্যায়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। সমীক্ষার ফলাফল ইতিবাচক হলে বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের পরবর্তী প্রশাসনিক ও নীতিগত অনুমোদনের উদ্যোগ গ্রহণ করা যাবে।
বৃহত্তর জনস্বার্থ, জাতীয় যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের বিষয়টি পুনর্বিবেচনা করে নাজিরহাট-ফটিকছড়ি-রামগড় রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা গ্রহণ ও সমীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিপিপি প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ওয়াদুদ ভূঁইয়া।
স্থানীয়রা বলছেন, এই রেলপথ বাস্তবায়িত হলে খাগড়াছড়ি ও ফটিকছড়ির মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। সড়কপথের ওপর চাপ কমবে, যাতায়াত খরচ কমবে, ব্যবসা-বাণিজ্য বাড়বে। বিশেষ করে রামগড় স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরার সঙ্গে বাণিজ্য আরও গতিশীল হবে। পর্যটকরাও সহজে খাগড়াছড়ি, সাজেক, আলুটিলা, রিছাং ঝর্ণাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে পারবেন।
এই ডিও লেটারকে ঘিরে খাগড়াছড়ি ও ফটিকছড়িতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, সরকার দ্রুত সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেবে এবং রেলপথটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে।