
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেফতার করেছে র্যাব-১। রোববার (৪ অক্টোবর) র্যাবের একটি দল তাকে আটক করে পরে খিলক্ষেত থানায় হস্তান্তর করে।
থানা সূত্র জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগে তালিকাভুক্ত আসামি হিসেবে শাহিনুর আলম মারফতকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন শাহিনুর আলম মারফত। এর আগে তিনি স্থানীয় কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে ওই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি।
এলাকায় দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ওঠার কথাও জানিয়েছে স্থানীয় সূত্র।
খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, র্যাবের পক্ষ থেকে তাকে থানায় হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি কার্যক্রম শেষ হলে শাহিনুর আলম মারফতকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।