
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে সোমবার অনশন কর্মসূচি পালন করবেন বন্দর শ্রমিকেরা।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে এ কর্মসূচি পালিত হবে।
গত বৃহস্পতিবার ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের এ-সংক্রান্ত কনসেশন চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসা কাজিম চুক্তিতে সই করেন।
চুক্তি সইয়ের আগে থেকেই এনসিটি ইজারার বিরোধিতা করে আসছেন বন্দর শ্রমিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। চুক্তি বাতিলের দাবিতে তাঁরা প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মশাল মিছিল, গোলটেবিল বৈঠক ও পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবে এসব কর্মসূচির মধ্যেই চুক্তি চূড়ান্ত করে বন্দর কর্তৃপক্ষ।
চুক্তি সইয়ের দিনও চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ করেন শ্রমিক নেতারা। তাঁরা রোববারের মধ্যে দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবীর জানান, রোববার বিকেল পর্যন্ত সরকারপক্ষ থেকে আলোচনার কোনো আহ্বান আসেনি। এ অবস্থায় দাবি আদায়ে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে।
আন্দোলনকারীদের দাবি, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ও লাভজনক টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।