
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। এক দিনের ব্যবধানে মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।
এর আগের দিন ৭ অক্টোবর গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ১২৩ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৩১১ দশমিক ১৯ মিলিয়ন ডলার।
এক দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ৩৪ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। অন্যদিকে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ বেড়েছে ৩৮ দশমিক ২৫ মিলিয়ন ডলার।
আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে নিট রিজার্ভ হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। এ পদ্ধতির হিসাব আন্তর্জাতিকভাবে তুলনাযোগ্য রিজার্ভের চিত্র তুলে ধরে।