
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন কর্মস্থলেও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
যেসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হক, জনতা ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান এবং রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ।
এ ছাড়া রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক শিকদার ফারুক এ আজম, অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক শাহীনূর সুলতানা, বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. হাসান ইমাম, সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. জামান মোল্লা এবং সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. সাফায়েত হোসেন পাটওয়ারীও পদোন্নতির তালিকায় রয়েছেন।
নীতিমালা অনুযায়ী নতুন পদায়ন
উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্ত মহাব্যবস্থাপকদের ডিএমডি পদে উন্নীত করে নামের পাশে উল্লেখ করা কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৬’ অনুযায়ী পরিচালিত হবে। এ ছাড়া সরকার সময় সময় যেসব নীতিমালা ও প্রজ্ঞাপন জারি করবে, সেগুলোও তাদের চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।