
‘কথা হলো একটাই, মাথাভাঙ্গা নদী বাঁচাতে চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সেচ্ছাসেবী সংগঠন ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা হয়। এতে জেলার সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরিবেশবাদী সংগঠন বেলার সহযোগিতায় এ সভার আয়োজন করে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল। হক মুন্সি। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান, পরিবেশবাদী সংগঠন বেলার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, পরিবেশবাদী সংগঠন বাপা জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান, জেলার সরকারি কৌসুলী অ্যাড. মারুফ সরোয়ার বাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. অহিদুল আলম খন্দকার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, বিপ্লবী কমিউনিস্ট লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন ওমর, জাতীয় গণফ্রন্ট দলের জেলা সমন্বয়ক লিটু বিশ্বাস প্রমুখ। এতে মাথাভাঙ্গা নদীর বর্তমান ও অতীত ইতিহাস এবং নদীটিকে বাঁচাতে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সদস্য সচিব হেমন্ত কুমার সিংহ রায়।
সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম সনির সঞ্চয়ালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাথাভাঙ্গা নদী বাঁচলে চুয়াডাঙ্গা বাঁচবে। একসময় মাথাভাঙ্গা নদীর পানি ভরাট হয়ে থাকতো। একসময় নদীর প্রাণ ছিল। কিন্তু এখন নদীর আগের সেই প্রাণ নেই। নদীকে বাঁচাতে হলে সরকারের উদ্যোগ দরকার।