
বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ২৪-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করেছেন এক বিচারক। মামলার আবেদনে সংবাদ প্রচারের মাধ্যমে তাঁর বক্তব্য বিকৃত করা এবং সাময়িক বরখাস্তের কারণ নিয়ে মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে এ আবেদন করেন লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম। বর্তমানে তিনি আইন ও বিচার বিভাগে সংযুক্ত রয়েছেন। আদালত তাঁর জবানবন্দি গ্রহণের পর এ বিষয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় চ্যানেল ২৪-এর যাঁদের আসামি করা হয়েছে
মামলার আবেদনে সাতজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ‘সার্চলাইট’ অনুষ্ঠানের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, মাল্টিমিডিয়া বিভাগের প্রধান রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং নিউজ রিপোর্টার জাহিদ হোসেন।
‘সার্চলাইট’ অনুষ্ঠানের প্রতিবেদনে বক্তব্য বিকৃতির অভিযোগ
মামলার আবেদনে বলা হয়েছে, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ বুলেটিন এবং রাত ৯টার অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ একটি প্রতিবেদন প্রচার করা হয়। ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ : বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামের ওই প্রতিবেদনে বাদী মো. আরিফুল ইসলামের বক্তব্য অসৎ উদ্দেশ্যে সম্পাদনা করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগ মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে। এরপর চ্যানেল ২৪ আবারও এ বিষয়ে সংবাদ প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, টেলিভিশনটিতে প্রতিবেদন প্রচারের পরই ওই বিচারককে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের কারণ নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ
তবে বাদী আরিফুল ইসলামের দাবি, তাঁকে সাময়িক বরখাস্তের সঙ্গে চ্যানেল ২৪-এর প্রচারিত প্রতিবেদনের কোনো সম্পর্ক নেই। শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ মো. সোলায়মানের একটি অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল। মো. সোলায়মান বর্তমানে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার আবেদনে বলা হয়েছে, জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা ২০১৭ অনুসারে আরিফুল ইসলামের বিরুদ্ধে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগ আনা হয়। বিভাগীয় মামলার তদন্তের স্বার্থেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
বাদীর বক্তব্য, চ্যানেল ২৪-এর প্রতিবেদন প্রচারের কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর।
প্রতিবেদনে তাঁর বক্তব্য কীভাবে সম্পাদনা করে বিকৃত করা হয়েছে, তার প্রমাণ হিসেবে একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন বাদী।
একই সঙ্গে মামলার আবেদনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাঁদের নামে সমন জারির আবেদন জানানো হয়েছে। সোমবার আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর এ বিষয়ে আদেশ দেওয়া অপেক্ষমাণ রেখেছেন।