
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের মনে রাখতে হবে, বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার ওপর দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নের কাজ করা হচ্ছে। আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর উপস্থাপনা করেন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
মন্ত্রী বলেন, “একটি সফল রাষ্ট্র গঠনে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র এই তিন স্তর একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভিন্নমত ও বিভেদ ভুলে এক টিম হিসেবে কাজ করলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি আরও যোগ করেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা মানে শুধু প্রশাসনিক কাঠামো ঠিক করা নয়; বরং জনগণের আস্থা পুনরুদ্ধার করা। কার্যকর প্রতিষ্ঠানই একটি শক্তিশালী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি। তাই সরকারের পুনর্গঠন কার্যক্রমকে টেকসই ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
মন্ত্রী বলেন, “গ্রামের মানুষ কষ্টে রয়েছে—এটি শুধু আবেগ নয়, বাস্তব সামাজিক সত্য। তাদের কষ্ট লাঘব করা রাষ্ট্র, সমাজ ও সচেতন নাগরিক সবার দায়িত্ব। কর্মসংস্থান সৃষ্টি ও আইনশৃঙ্খলা উন্নয়নের মাধ্যমে সরকার ক্রমান্বয়ে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে কাজ করছে।”
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “আমাদের মন্ত্রণালয় সরাসরি জনগণের সঙ্গে যুক্ত। সবাই মিলে দুর্নীতিমুক্ত, নিরাপদ, ন্যায়ভিত্তিক এবং উন্নয়নমুখী পরিবেশ তৈরিতে কাজ করলে নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কার্যকর করা সম্ভব।”
তিনি আরও বলেন, “দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিলে কল্যাণমুখী, মানবিক ও টেকসই রাষ্ট্র গঠনের দিকে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব। এই মন্ত্রণালয়ের সক্রিয় ও আন্তরিক উদ্যোগই হবে পরিবর্তনের মূল চালিকা শক্তি।”