
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘টাইফুন দুজুয়ান’ জাপানে আঘাত হানার পর ১৬ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কিয়োদো নিউজের বরাতে আল জাজিরার প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানানো হয়েছে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন, উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে ঝড়
সোমবার জাপানের রাজধানীর কাছাকাছি কাটসুরা এলাকা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থানকালে টাইফুনটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটারে পৌঁছায়। এতে হাজার হাজার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে মঙ্গলবার ভোরের দিকে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে উপকূল থেকে উত্তর-পূর্ব দিকে অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জের সমুদ্রাঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করে বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।
জেএমএর কর্মকর্তা তাকুয়া হোসোমি জানান, টাইফুনটি উত্তর দিকে এগিয়ে যাওয়ার সময় সতর্কতা জারি থাকা এলাকাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
বাতিল শত শত ফ্লাইট, বন্ধ রেল যোগাযোগ
ঝড়ের প্রভাবে সোমবার বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটে। জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করে। এতে বিমানবন্দরে অসংখ্য যাত্রী আটকা পড়েন।
একই সময়ে টোকিও ও ওসাকার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেনসহ বেশ কয়েকটি রেল পরিষেবা বন্ধ রাখে জাপান রেলওয়ে।
সেপ্টেম্বরের গড় বৃষ্টিপাত ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা
প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের বিষয়ে আগেই সতর্ক করেছিল জাপান আবহাওয়া সংস্থা। সংস্থাটি জানিয়েছিল, মঙ্গলবার পর্যন্ত যে পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তা সেপ্টেম্বর মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ ছাড়িয়ে গিয়ে রেকর্ড গড়তে পারে।
এরই মধ্যে ঐতিহাসিক স্থান কামাকুরা স্টেশন এবং টোকিওর পূর্বাঞ্চলীয় ইচিকাওয়ার বেশ কিছু সড়ক পানিতে তলিয়ে গেছে।
কামাকুরার মেয়র তাকাসি মাতসুও গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জানিয়ে সবাইকে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
টাইফুনের কারণে জাপানে নির্ধারিত বেশ কিছু অনুষ্ঠান ও ক্রীড়া আয়োজনও বাতিল করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে টোকিও গেম শো, একটি প্রধান আউটডোর মিউজিক ফেস্টিভ্যাল এবং চিবা এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা একটি বেসবল ম্যাচ বাতিল করা হয়।
জাপানে সাধারণত গ্রীষ্মের শেষভাগ ও শরতের শুরুর সময়ে এ ধরনের টাইফুন প্রায়ই আঘাত হানে। চলতি বছরের শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ‘টাইফুন দুজুয়ান’ ২৫তম।
সূত্র: আল জাজিরা