জামালপুরের সদর উপজেলায় ১০ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ.র্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তাকে আটক করা হয়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়ি হামিদপুর এলাকায় অভিযুক্ত হারুন অর রশিদ শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে যান। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা স্থানীয় শিশুদের কাছ থেকে জানতে পারেন, হারুন তাকে নিজের বাড়িতে নিয়ে গেছেন।
এরপর হারুনের বাড়িতে গিয়ে মেয়ের খোঁজ চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে তার কথায় সন্দেহ হওয়ায় শিশুটির মা ঘরে ঢুকে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
শিশুটির বাবা ব্যবসার কাজে ঢাকায় থাকায় ঘটনার দিন তাকে হাসপাতালে নেওয়া হয়নি। বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন শিশুটির মা বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমি এর এমন বিচার চাই, যাতে আর কোনো মেয়েকে ধ.র্ষণ করার আগে হারুনের মতো মানুষের বুক কেঁপে ওঠে।’
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শামীম বলেন, শিশুটির চিকিৎসা চলছে।
এ বিষয়ে সদর থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।