
ইরানের ভূখণ্ডে যেকোনো ধরনের সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ না দেওয়ার জন্য সাইপ্রাস ও বুলগেরিয়াকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে ইরান।
সাইপ্রাস ও বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে আলাপকালে এই হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট জানান, যদি কোনো দেশ তাদের ভূখণ্ড বা সামরিক ঘাঁটি ইরানের ওপর হামলার কাজে ব্যবহার করার অনুমতি দেয়, তবে তাকেও এই আগ্রাসনের অংশীদার হিসেবে গণ্য করা হবে এবং এর কঠিন পরিণতি ভোগ করতে হবে।

আলাপকালে সাইপ্রাসের ভূখণ্ডে অবস্থিত কোনো আন্তর্জাতিক সামরিক ঘাঁটি যেন ইরানের বিরুদ্ধে অভিযানে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানান আরাগচি। জবাবে সাইপ্রাস জানায়, যুক্তরাজ্য তাদের আশ্বস্ত করেছে যে দ্বীপে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিগুলো ইরানসহ কোনো দেশের বিরুদ্ধেই ব্যবহার করা হবে না।
অন্যদিকে, পশ্চিম এশিয়ায় সামরিক কার্যক্রমে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে নিজেদের বিমানঘাঁটি ব্যবহারের যে সিদ্ধান্ত বুলগেরিয়া নিয়েছে, তা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে ইরান।