
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ইমানআলী বাজারসংলগ্ন তার বাড়িতে সরকারি চাল মজুত করে রাখা হচ্ছিল এবং পরে তা বেশি দামে বিক্রি করা হতো।
স্থানীয়রা জানান, শনিবার সকালে কয়েকজন এলাকাবাসী সামাদ ডাক্তারের বাড়িতে গিয়ে একটি কক্ষে সরকারি বস্তাভর্তি বিপুল পরিমাণ চাল দেখতে পান। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও চরজব্বার থানা-কে জানানো হয়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুস সামাদ মোবাইল ফোনে বলেন, চালগুলো তিনি লক্ষ্মীপুরের রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছেন। এর বেশি কিছু না বলেই তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক দাবি করেন, চালগুলো বৈধভাবে কেনা হয়েছে। কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে অবৈধ চাল বলে অপপ্রচার চালাচ্ছে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।