
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
জামিনের পরও মুক্তি পাননি একজন
জাসদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর ওই ২৪ জন কারাগার থেকে বের হন।
গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে আরও তিনজন এখনো মুক্তি পাননি। তাদের একজনের বাবার নামের বানানে ভুল থাকায় জামিন মঞ্জুর হওয়ার পরও বৃহস্পতিবার তাকে কারাগার থেকে ছাড়া সম্ভব হয়নি। জাসদের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি দলীয় কার্যালয়ের নিচে থাকা একটি দোকানের কর্মচারীর বাবা।
অন্য দুই নেতার জামিন আবেদনের শুনানি আগামী ১১ অক্টোবর হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধি সভা থেকে ২৮৯ জনকে আটক
গত ২৬ সেপ্টেম্বর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলার সময় পুলিশ ২৮৯ জনকে আটক করে। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের অভিযোগ, জাসদ কার্যালয়ের ভেতরে ওই ২৭ ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিলেন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
হামলার অভিযোগ জাসদের, ঘেরাও করে আটকের দাবি
ঘটনার পর জাসদের পক্ষ থেকে দাবি করা হয়, সেদিন দলটির পূর্বনির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলছিল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি নিয়েই কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় চার শ নেতা-কর্মী অংশ নেন।
জাসদের ভাষ্য অনুযায়ী, সভা চলার একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে হামলা চালান। এরপর পুলিশ সেখানে গিয়ে কার্যালয় ঘেরাও করে উপস্থিত নেতা-কর্মীদের আটক করে নিয়ে যায়।
পরে রাতে যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বড় একটি অংশকে ছেড়ে দেওয়া হয়। তবে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।