
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানোদের স্মরণে আজ রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ স্মরণসভা। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির সমাপনী দিনে, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করে। আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর ধারাবাহিক আয়োজন শেষে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র সমাবেশের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।