.webp)
দীর্ঘ তিন বছরের দূরত্বের অবসান! পুরোনো অভিমান ভুলে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’ দিয়ে আবারও জুটি বাঁধছেন তাঁরা।
২০২৩ সালে একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে জোভান ও ফারিণের মধ্যে তৈরি হয়েছিল মনোমালিন্য। ‘জানেমান তুই আমার’ নাটকটি মুক্তি পেলেও ফারিণের পক্ষ থেকে প্রচার না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন জোভান। যদিও ফারিণ তখন জানিয়েছিলেন, নাটক দিয়েই তাঁর অভিনয়জীবনের শুরু, তাই নাটককে ছোট করে দেখার প্রশ্নই আসে না।
এরপর থেকেই দুজনকে আর একসঙ্গে কোনো নাটকে দেখা যায়নি। অবশেষে সেই দূরত্ব ঘুচিয়ে নতুন কাজের মাধ্যমে এক হচ্ছেন এই জনপ্রিয় জুটি।
ইতোমধ্যে শুরু হয়েছে ‘প্রাণ সখিয়া’ নাটকের শুটিং। শুটিং সেট থেকে জোভান ও ফারিণের ছবি প্রকাশ করে নাটকটির খবর জানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
এ নাটকের মধ্য দিয়ে শুধু জোভানের সঙ্গেই দীর্ঘ বিরতির পর জুটি বাঁধছেন না ফারিণ, ফিরছেন ছোট পর্দাতেও। সম্প্রতি ‘ডাকাতিয়া বাঁশি’ ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তিনি। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি বছরের শেষ দিকে চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তবে এখন দর্শকদের অপেক্ষা একটাই—তিন বছরের বিরতির পর জোভান-ফারিণের রসায়ন নতুন নাটক ‘প্রাণ সখিয়া’য় কতটা মুগ্ধ করে দর্শকদের!