
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ বাড়ার প্রেক্ষাপটে বিকল্প উৎস খুঁজতে তৎপর বাংলাদেশ। এ পরিস্থিতিতে ভারত থেকে জ্বালানি আমদানির প্রস্তাবে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা মোকাবেলায় বাংলাদেশ ভারতের কাছে আমদানির প্রস্তাব দেয়। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে ইতোমধ্যে ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া গেছে।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, ভারতে গ্রেপ্তার শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি—ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনস্যুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। তবে খুব শিগগিরই এ অনুমতি পাওয়া যাবে বলে আশা করছে সরকার। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
পলাতক আসামি ও রাজনৈতিক ব্যক্তিদের প্রত্যাবর্তন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফেরানোর বিষয়টি নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও সরকার সতর্ক রয়েছে। প্রতিমন্ত্রী জানান, ইরানে অবস্থানরত দুই হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন। তবে কেউ দেশে ফিরতে চাইলে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।