
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় গহীন পাহাড়সংলগ্ন একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে দুর্বৃত্তরা উত্তর শীলখালী এলাকার পাহাড়ের পাদদেশে থাকা একটি বাসায় ঢুকে চারজনকে গলা কেটে হত্যা করার চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকজনের অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
নিহতরা হলেন- নুরুল কবিরের ছেলে মজিদ, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর এবং রুহুল আমিনের ছেলে রবি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার, চোরাচালান বা সন্ত্রাসী বিরোধের জের ধরে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।