
চুয়াডাঙ্গার দর্শনায় ক্রসিংয়ের অপেক্ষায় থাকা খালি বিটিও ট্যাংকারবাহী ট্রেনের চালক ও তাঁর সহকারীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁদের মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেয় হামলাকারীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে দর্শনা জংশনের আউটার সিগন্যালের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন।
জানা গেছে, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকারবাহী (PSIK 6 DOWN) ট্রেনটি ক্রসিংয়ের জন্য দর্শনার দুধপাথিলা মুরগির খামার এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা লোকোমাস্টার নজরুল ইসলাম ও তাঁর সহকারী কবীর হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
হামলাকারীরা তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড়চোপড়ও নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর বিটিও ট্যাংকারবাহী ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ট্রেনটি সেখানেই অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক পৌঁছানোর পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে বলে জানা গেছে।
আহত লোকোমাস্টার নজরুল ইসলাম বলেন, ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে দর্শনা হল্ট স্টেশনের আগে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনের ক্রসিংয়ের জন্য তাঁরা অপেক্ষা করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত লোকোমোটিভের ভেতরে ঢোকার চেষ্টা করে। দরজা বন্ধ থাকায় তারা কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে এবং এলোপাতাড়ি আঘাত করতে থাকে।
তিনি আরও বলেন, দুর্বৃত্তদের হামলায় তিনি ও সহকারী লোকোমাস্টার আহত হন। এরপর হামলাকারীরা তাঁদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনের লুপ লাইনে রয়েছে। তাঁরা ঈশ্বরদীতে ফিরে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উথলী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ইয়াসিন আরাফাত বলেন, ঘটনার পর থেকে খালি ট্যাংকারবাহী ট্রেনটি উথলী স্টেশনেই রাখা হয়েছে। আহত চালকেরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি গন্তব্য খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।