
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইটপাটকেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়।
শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক অবস্থানে ছিলেন তারা। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিবের নির্দেশে বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন।
হামলার সময় তারাও ওই ভবনে ছিলেন। মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে উপস্থিত হয়ে হামলা চালান। এ সময় তারা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে অবস্থানরত ব্যক্তিদের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাদের সেখান থেকে সরে যেতে হয়।
মামুন পাটোয়ারীর দাবি, হামলার মূল লক্ষ্য ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। কারণ, ভবনের আশপাশের অন্যান্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়েই বেশি ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করা হয়।
সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়টিও এ হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।
ঘটনার পর সরেজমিনে দেখা গেছে, ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি।