
হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলে একাধিক স্ক্রিনশট প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পোস্টে শেয়ার করা স্ক্রিনশটগুলোতে একাধিক অচেনা নম্বর থেকে কল আসার তথ্য দেখা যায়।
শেহরীন আমিন লেখেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে তিনি অসংখ্য মৃত্যুর হুমকির মুখোমুখি হচ্ছেন এবং প্রকাশিত ঘটনাটি তার মধ্যে একটি মাত্র।
তিনি তারেক রহমান-কে মেনশন করে প্রশ্ন তোলেন, এটি কি ঘোষিত “নারীবান্ধব এবং নিরাপদ” বাংলাদেশ?
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “সকল মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।”
এর আগে ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে তিনি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।