
দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)।
সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়-এর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে একটি মেডিক্যাল কলেজে উপাধ্যক্ষও নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীনকে ঢাকা মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান, যিনি আগে স্বাস্থ্য অধিদপ্তর-এ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।
এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ-এর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আঈনুল ইসলাম খান। তিনিও এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে কর্মরত ছিলেন।
নোয়াখালী মেডিক্যাল কলেজ-এর অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং মুগদা মেডিক্যাল কলেজ-এর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন।
একই সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।