
বর্ণিল ও আয়োজনে খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার ১১ অক্টোবর বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
উদ্বোধনী খেলায় মানিকছড়ি সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব ও মাটিরাঙ্গা পৌরসভা একাদশ খেলেছে।
বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে মোট ৯ টি দল অংশ গ্রহণ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে দাঁড়াতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এ সময় খাগড়াছড়িতে নারী ফুটবল একাডেমি করার ঘোষণা দেন ওয়াদুদ ভূইয়া।
এ সময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাসহ প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা।