
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলার পর দেখা দিয়েছে অদ্ভুত এক প্রাকৃতিক দৃশ্য। শহরের আকাশ ঢেকে গেছে ঘন কালো মেঘে, আর সেখান থেকে ঝরছে তেলের মতো কালো বৃষ্টি—যা বিস্ময় ও উদ্বেগ তৈরি করেছে বাসিন্দাদের মধ্যে।
রোববার (৮ মার্চ) সকালে ঘুম থেকে উঠে এমন অস্বাভাবিক বৃষ্টি দেখতে পান তেহরানের প্রায় এক কোটি মানুষ।
এর আগে শনিবার সন্ধ্যায় তেহরানে জ্বালানি তেলের একটি গুদামে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পর থেকেই শহরের আকাশে কালো ধোঁয়ার আস্তরণ তৈরি হয়, যা পরদিন সকালে বৃষ্টির সঙ্গে মিশে কালো রঙ ধারণ করে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি, বৃষ্টির পানি আসলে কালো—মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা মিশ্রিত।’
তিনি আরও বলেন, ‘হামলার পর আজ সকালে ইরানি রাজধানীতে এমন তেলমিশ্রিত বৃষ্টি ঝরছে।’
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, শনিবার সন্ধ্যায় তেহরানের কয়েকটি জ্বালানি স্থাপনায় তারা হামলা চালিয়েছে। এসব স্থাপনা থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকের কাছে জ্বালানি সরবরাহ করা হতো বলে দাবি করেছে তারা।