
দক্ষিণী চলচ্চিত্র জগতে চার দশকেরও বেশি সময় ধরে নিজের আধিপত্য ধরে রেখেছেন সুপারস্টার রজনীকান্ত। তামিলনাড়ুর মানুষের কাছে তিনি ‘আন্না’ নামে পরিচিত। একসময় বাস কন্ডাক্টর হিসেবে কাজ করা রজনীকান্ত আজ ৫০০ কোটি টাকার সম্পদের মালিক।
তবে মৃত্যুর পর তার এই বিপুল সম্পত্তির কোনো অংশই পরিবারের সদস্যরা পাবেন না। বরং নিজের সব সম্পত্তি তামিলনাড়ুর মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি অভিনেতা নিজেই তার এই ইচ্ছার কথা জানিয়েছেন।
পরিবারকে সম্পত্তি থেকে বঞ্চিত করে তামিলনাড়ুর মানুষের জন্য সবকিছু উৎসর্গ করার সিদ্ধান্ত কেন নিলেন রজনীকান্ত, তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। এর পেছনে রয়েছে চেন্নাইয়ে প্রায় সোয়া একর জায়গাজুড়ে নির্মিত তার রাঘবেন্দ্র মণ্ডপমের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশেষ ইতিহাস।
১৯৮৯ সালে ভবনটি নির্মাণ করেন রজনীকান্ত। ২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের সহায়তায় নিজের এই ভবনের দরজা খুলে দিয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, অতীতেও এই ভবনে ভক্তদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অভিনেতা। একসময় ভবনটি ভেঙে সেখানে তিন তারকা মানের হোটেল নির্মাণের পরিকল্পনার কথাও শোনা গিয়েছিল।
তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। আজও চেন্নাইয়ের কোদামবাক্কামে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে রাঘবেন্দ্র মণ্ডপম। রজনীকান্তের উইলে এই ভবনসহ সংশ্লিষ্ট সম্পত্তি তামিল জনগণের উদ্দেশে উৎসর্গ করার কথা উল্লেখ রয়েছে।
নিজের সিদ্ধান্তের বিষয়ে রজনীকান্ত জানিয়েছেন, তার মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে প্রতিটি পয়সা যাবে তামিলনাড়ুর সেইসব মানুষের কাছে, যারা তাকে বাঁচিয়ে রেখেছেন। তার পরিবারের সদস্যরা এক পয়সাও পাবেন না।
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে অভিনেতা বলেন, তামিলনাড়ুর মানুষই তার সিনেমার টিকিট কিনে দীর্ঘ অভিনয়জীবনে তাকে সমর্থন দিয়েছেন। সেই সমর্থনের প্রতিদান হিসেবেই নিজের সম্পত্তি তাদের জন্য রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তামিল জনগণের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরে রজনীকান্ত আরও বলেন, টিকিটের দাম যখন যেমনই থাকুক না কেন, সেখানকার মানুষ সবসময় তার সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন।