
রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের কথিত মূলহোতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অন্তত সাতটি মামলার তথ্য রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি গোপন আস্তানায় অভিযান চালানোর সময় সানিকে আটক করা হয়। এ সময় তাঁর দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জুলাই আন্দোলনে হামলার অভিযোগ
গ্রেপ্তার সানি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা শাখার সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করেছিল র্যাব-১।
২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় উত্তরার বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলায় সানির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সে সময় আন্দোলন দমনে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের সংগঠিত করে লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের ওপর হামলায় তাঁকে অংশ নিতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরাজুড়ে বিস্তৃত কিশোর গ্যাং নেটওয়ার্কের আড়ালে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগও রয়েছে সানির বিরুদ্ধে। তিনি ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) নূর মোহাম্মদের ঘনিষ্ঠ সহযোগীদের একজন বলে জানা গেছে।
মাদক কারবার ও চাঁদাবাজির অভিযোগ
স্থানীয়ভাবে আলোচিত ‘দে লাড়া’ গ্যাংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উত্তরার বিভিন্ন সেক্টরের পাশাপাশি উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গীর বিভিন্ন এলাকায় দলটির তৎপরতার কথা জানা যায়।
বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেলপথসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচায় গ্যাংটির সম্পৃক্ততার তথ্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ৩০ আগস্ট চার সহযোগীসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সানি। সে সময় তাঁর কাছ থেকে নগদ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়েছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথি অনুযায়ী, সানির বিরুদ্ধে দক্ষিণখান থানায় চারটি, উত্তরা পূর্ব থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় দুটি মামলার তথ্য রয়েছে। ২০১৮ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে এসব মামলা করা হয়।
সানির সর্বশেষ গ্রেপ্তারের বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, কিশোর গ্যাং নেতা পিচ্চি সানিকে গতকাল রাতে উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উত্তরায় কিশোর গ্যাং দমনে আমরা সবসময় তৎপর রয়েছি।