
চট্টগ্রামের পটিয়ায় চালককে অচেতন করে ১৫ টন চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চিনি উদ্ধারের তথ্য নিশ্চিত করেন আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম। এর আগে বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পটিয়া থানা পুলিশ ও আজিজনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মেঘনাঘাটের মেঘনা সুগার মিল থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী সিরাজুল ইসলাম ২৮ টন চিনি কেনেন। পরে চিনিবোঝাই কাভার্ডভ্যানটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
গত ২০ অক্টোবর নাসিরাবাদের একটি কারখানায় ১৩ টন চিনি নামানো হয়। অবশিষ্ট ১৫ টন চিনি পটিয়ার ফুলকলি কারখানায় পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু পরদিন ভোররাতে পটিয়ার মনসা বাদামতল এলাকা থেকে কাভার্ডভ্যানের চালক আলমগীরকে (৪৫) অচেতন ও অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চালকের দাবি, তাঁকে বিষাক্ত ইনজেকশন দিয়ে অচেতন করা হয়েছিল। এ ঘটনায় ছিনতাই হওয়া চিনির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা। আর কাভার্ডভ্যানটির মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম জানান, চাম্বি মফিজ বাজারের কয়েকটি দোকানে তল্লাশি চালিয়ে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি চিনি উদ্ধার এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, উদ্ধার অভিযান ও তদন্ত চলছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।