
ময়মনসিংহের গৌরীপুরে পূজামণ্ডপ থেকে দুর্গা প্রতিমা বের করার সময় ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে সঞ্জিব চৌহান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) পৌর শহরের মাস্টারবাড়ি এলাকার ঝলক পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জিব ওই এলাকার শ্যামলাল চৌহানের ছেলে।
ঝলক পূজা মন্দির কমিটির সভাপতি অজিত চৌহান জানান, দুর্গা প্রতিমা নিয়ে মণ্ডপ থেকে বের হওয়ার সময় সঞ্জিব ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই সঞ্জিবের মৃত্যু হয়েছিল।
অজিত চৌহান আরও অভিযোগ করেন, পূজামণ্ডপের আলোকসজ্জার দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার কারণেই ছেঁড়া তারে জড়িয়ে সঞ্জিবের মৃত্যু হয়েছে।
উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক কমল সরকার বলেন, “আমরা যখন মাকে বিসর্জনে ব্যস্ত, ঠিক সেই সময়ে মাকে বিদায় জানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জিব মারা যান। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।”
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।