
সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তাসংক্রান্ত দুর্বলতা থেকে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছিল না। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তাঝুঁকির কারণে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সম্ভাব্য বিপদ এড়াতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওয়েবসাইটের নিরাপত্তায় থাকা দুর্বলতা শনাক্ত করে তা দূর করার কাজ চলছে। ঝুঁকি যাচাই এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার পর ওয়েবসাইটটি আবার চালু করা হবে। তবে কবে নাগাদ এটি সচল হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে উদ্বেগ
সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি হয়েছে। এসব দুর্বলতাকে কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা দূর থেকেই সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালাতে পারে।
এ ধরনের হামলার ফলে সার্ভারে সংরক্ষিত ফাইল, তথ্যভান্ডার এবং গুরুত্বপূর্ণ উপাত্তের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
বাংলাদেশ ব্যাংক ছাড়াও পিএইচপিভিত্তিক আরও কয়েকটি ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে পিএইচপির ওই নিরাপত্তা ত্রুটিগুলো ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বাস্তবে কোনো সাইবার হামলা চালানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।