
মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির সঙ্গে পাঁচ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন তাঁর ছেলে কিম আরিস। যুক্তরাজ্যে বসবাসরত কিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মায়ের সঙ্গে যোগাযোগের এই আবেগঘন অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি জানান, দীর্ঘ বিরতির পর মায়ের কণ্ঠ শুনে তাঁর যে অনুভূতি হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
মিয়ানমার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী নেপিডোতে গৃহবন্দি রয়েছেন সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাঁকে বন্দি রাখা হয়েছে।
তবে এত দীর্ঘ সময় পর কীভাবে মা ও ছেলের মধ্যে ফোনে কথা বলার সুযোগ তৈরি হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মায়ের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার প্রসঙ্গে
মায়ের মুক্তি এবং মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে যারা সোচ্চার রয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিম আরিস।
তিনি বলেন, যারা আমার মা ও আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিজের পোস্টে তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আপনাদের কণ্ঠস্বরই এই মুহূর্তটিকে বাস্তবে সম্ভব করতে সাহায্য করেছে।
মায়ের বয়স ও বন্দিজীবন নিয়ে উদ্বেগ
দীর্ঘদিন পর মায়ের সঙ্গে কথা বলতে পারলেও তাঁর বয়স ও বন্দিদশা নিয়ে উদ্বেগ জানিয়েছেন কিম আরিস। তিনি বলেন, তাঁর মায়ের বয়স ৮১ বছর, অথচ এখনো তাঁকে বন্দি অবস্থায় থাকতে হচ্ছে।
কিমের মতে, একবার ফোনে কথা বলার সুযোগ পাওয়া নিয়মিত পারিবারিক যোগাযোগের বিকল্প হতে পারে না।