
নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরের সংরক্ষিত এলাকায় সড়কের পাশে অবস্থিত মসজিদে চুরির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আসরের নামাজের পর মসজিদের মোয়াজ্জিন ইসরায়েল হোসেন কয়েকজন মুসল্লিকে সঙ্গে নিয়ে দানবাক্সের কাছে যান। সেখানে গিয়ে তাঁরা বাক্সটির তালা ভাঙা দেখতে পান। দুর্বৃত্তরা দানবাক্সের বাইরের দুটি ও ভেতরের একটি তালা ভেঙে এর মধ্যে থাকা সব টাকা-পয়সা নিয়ে গেছে। তবে চুরির সময় বাক্সে মোট কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোয়াজ্জিন ইসরায়েল হোসেন জানান, সর্বশেষ গত ২৬ জুন দানবাক্সটি খোলা হয়েছিল। সে সময় সেখান থেকে প্রায় পাঁচ হাজার টাকা পাওয়া যায়। এরপর থেকে আর বাক্সটি খোলা হয়নি। চুরির বিষয়টি তিনি মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদককে জানিয়েছেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর সরোয়ার মোরশেদ জানান, ছুটির দিন হওয়ায় তিনি উপজেলা পরিষদে ছিলেন না। তবে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির খবর পেয়েছেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। উপজেলা পরিষদে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে। পুলিশ এলে ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দোলা পারভীন জানান, মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।