
সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির ভাষ্য, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে চারটি হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে।
বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে আনসারুল্লাহর যোদ্ধারা। এগুলো হলো রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।
বিমানবন্দরে ফ্লাইট বিঘ্ন, আরামকোর স্থাপনায় আগুন
হুতিদের দাবি, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার পর সেখানে আগুন ধরে যায় বলেও জানিয়েছে গোষ্ঠীটি। এ ছাড়া রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানার দাবি করেছে তারা।
বিবৃতিতে সৌদি আরবকে সতর্ক করে ইয়াহইয়া সারে বলেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে রিয়াদ যেকোনো ধরনের হুমকি দিলে তার পরিণতি হবে ভয়াবহ, যা ‘বিপর্যয়কর ও অপ্রত্যাশিত’ হতে পারে।
তিনি আরও বলেন, ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের ভেতরে হুতিদের অভিযান চলবে। সৌদি আরব সংঘাত আরও বাড়ালে পাল্টা পদক্ষেপের মাধ্যমে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিমানবন্দরে হামলায় নিহত ২, আহত ৮
এর আগে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, হুতি বাহিনীর হামলায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। নিহতদের একজন সৌদি আরবের নাগরিক এবং অন্যজন ভারতের নাগরিক।
এদিকে গত ২১ অক্টোবর সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে সৌদি আরামকোর একটি তেলক্ষেত্রে ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষের আঘাতে দুজন নিহত হন। তাঁদের একজন নেপালের এবং অন্যজন ফিলিপাইনের নাগরিক। এ ঘটনায় আহত দুজনের একজন পাকিস্তানি ও অন্যজন ভারতীয় নাগরিক।