
বরিশাল নগরীতে দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে অবস্থিত ওই ব্যুরো অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কার্যালয়ের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি পুলকের স্ত্রী তাকে জানান।
সুমন চৌধুরী বলেন, ‘পুলক চ্যাটার্জি তার ফোন ধরছিলেন না, বিষয়টি তার স্ত্রী আমাকে (সুমন) জানান। এরপর শুক্রবার সন্ধ্যায় আমি সমকাল অফিসে আসি। তখন অফিসের প্রবেশের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পাই। পরে দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে।’
তিন বছর আগে চাকরি হারানোর পর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন
সুমন চৌধুরী আরও জানান, পুলক চ্যাটার্জি সর্বশেষ ওই সংবাদপত্রের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার ভাষ্য, প্রায় তিন বছর আগে চাকরি চলে যাওয়ার পর থেকেই পুলক চ্যাটার্জি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তবে জ্যেষ্ঠ সংবাদকর্মী ও সাবেক ব্যুরো প্রধান হিসেবে তিনি মাঝেমধ্যে ওই কার্যালয়ে আসতেন। সেখানে বসে পত্রিকা পড়তেন।
মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের অপেক্ষা
ঘটনাটি নিশ্চিত করে মহানগরীর কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। সবার উপস্থিতিতে পুলিশ দরজা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে পুরো বিষয়টি পুলিশ তদন্ত করবে। ঘটনাস্থলে সিআইডির একটি দলও গিয়ে বিষয়টি তদন্ত করেছে।