
রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের কাজ করার সময় বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জীবন বর্মা গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের শচীন বর্মার ছেলে। পেশায় তিনি এসি মিস্ত্রি ছিলেন। কাজের সূত্রে পল্টন এলাকার একটি মেসে থাকতেন তিনি।
কম্প্রেসর বিস্ফোরণে গুরুতর আহত
নিহতের ভাই অনিক বর্মা জানান, পল্টন এলাকার ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামের একটি দোকানে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। কাজের একপর্যায়ে হঠাৎ এসির কম্প্রেসর বা সংশ্লিষ্ট কোনো যন্ত্রাংশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে জীবন গুরুতরভাবে দগ্ধ ও রক্তাক্ত হন। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট পল্টন থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।