
নরসিংদীর পলাশ উপজেলায় এক বালু ব্যবসায়ীকে অপহরণ করে মারধর এবং কানে কামড় দিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। আহত বালু ব্যবসায়ী সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফিরোজ আলীর ছেলে। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার কানে চারটি সেলাই দিতে হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের ভেতরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের জন্য বালু ভরাটের কাজে তিনি শীতলক্ষ্যা নদীর তীরে ড্রেজার মেশিন বসিয়েছিলেন। সোমবার বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে যায়।
তার অভিযোগ, সেখানে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিন চিশতিয়াসহ আরও ছয় থেকে সাতজন তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে অভিযুক্ত বিএনপি নেতা কেন তাকে না জানিয়ে ড্রেজার মেশিন বসানো হয়েছে—এ প্রশ্ন তুলে তার কানে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে দ্রুত ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া সোমবার রাতে বলেন, “সকালে প্রোগ্রাম রয়েছে। আমি এখন ঘুমিয়ে যাচ্ছি। পরে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সব বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।