
কলমের মতো দেখতে অথচ এক চাপেই কেড়ে নিতে পারে মানুষের তাজা প্রাণ—রাজধানী ঢাকার পর এবার নারায়ণগঞ্জের মাটিতে হদিস মিলল এমনই এক ভয়ঙ্কর ও অত্যাধুনিক মারণাস্ত্র ‘পেনগান’-এর। নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনার সময় একটি ঝোপের ভেতর থেকে গুলির খোসাসহ এই অত্যাধুনিক ক্ষুদ্র অস্ত্রটি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রোববার (১৪ জুন) দুপুরে র্যাব-১১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নয়ামাটি ভাবির বাজার এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি গুলির খোসাসহ পয়েন্ট ‘টু টু’ (.২২) বোরের এই অত্যাধুনিক ও মারাত্মক ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে র্যাব-১১’র একটি চৌকস আভিযানিক দল।
র্যাব-১১’র পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট গোপন সংবাদের ওপর ভিত্তি করে শনিবার রাত আনুমানিক ১টার দিকে ফতুল্লার নয়ামাটি ভাবির বাজার এলাকায় হানা দেন র্যাব সদস্যরা। ওই সময় স্থানীয় একটি চিহ্নিত মাদক আখড়ায় জড়ো হওয়া কয়েকজন মাদকসেবী ও কারবারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে র্যাব সদস্যরা পুরো এলাকা জুড়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে আশপাশের একটি ঝোপের ভেতর তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নিখুঁত আকৃতির এই পেনগান এবং এর সাথে ব্যবহৃত একটি গুলির খালি খোসা জব্দ করা হয়। উদ্ধারকৃত পেনগান ও গুলির খোসার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সেটিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল রাজধানী ঢাকার লালবাগ এলাকায় অপরাধীদের আস্তানা থেকে একই ধরণের একটি মারাত্মক ‘পেনগান’ উদ্ধার করেছিল পুলিশ। ঢাকার পর নারায়ণগঞ্জে এমন ছদ্মবেশী অস্ত্রের উদ্ধার শিল্পাঞ্চলটির সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।