
ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করার অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক জোনের এক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া সার্জেন্টের নাম মুজাহিদুল ইসলাম। তিনি ২০১৭ ব্যাচে সার্জেন্ট পদে যোগ দেন। তার বাড়ি গোপালগঞ্জে।
দুই দিন আগে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্রের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে একটি নাশকতা মামলার বাদী হতে রাজি না হওয়াসহ কয়েকটি কারণে মুজাহিদুলকে বরখাস্ত করা হয়েছে। তবে সিএমপির অপর একটি সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগেও তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলমান আছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
তাকে গ্রেপ্তার কিংবা হেফাজতে নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, গ্রেপ্তার করা হয়নি। সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
সার্জেন্ট মুজাহিদুল ইসলাম সিএমপির বন্দর ট্রাফিক জোনে কর্মরত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের সময় বন্দরের সল্টগোলা ক্রসিং পুলিশ বক্সের দায়িত্বে ছিলেন মুজাহিদ। ওই রাতে পুলিশ বক্সের কাচ ভাঙচুর এবং ভেতরে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়। এ ঘটনায় মুজাহিদকে মামলা করার নির্দেশ দেওয়া হলেও তিনি তা পালন করেননি।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়।