
ভোটের মাঠে টানা এক মাসের বেশি সময় ধরে চলা প্রচার-প্রচারণার ইতি টানলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সব ধরনের নির্বাচনি প্রচারণা।
গত ১২ জানুয়ারি শুরু হয়েছিল এবারের নির্বাচনি প্রচার কার্যক্রম। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়। সেই নিয়ম মেনেই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মঙ্গলবার সকালে প্রচারের পর্দা নামানো হয়।
নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে প্রচারণা শুরু করতে পারবেন না। একই সঙ্গে ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনি প্রচার শেষ করতে হবে।
এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, “নির্বাচনে রাজনৈতিক দলের প্রচারণা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে।” তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।
এর মধ্যে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে ওই আসন বাদ দিয়েই দেশের বাকি ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বাধিক প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির ধানের শীষ প্রতীকে ২৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীকে তাদের প্রার্থী সংখ্যা ২৫৮ জন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন ২২৯ জন প্রার্থী। জাতীয় পার্টির লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯৮ জন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন ৩২ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ফুটবল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন ৭৬ জন প্রার্থী।