
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চলাকালে সশস্ত্র মানবপাচারকারী চক্রের গুলিতে নিহত সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত সেনাসদস্যের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে তাঁদের বর্তমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি তাঁর স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর সময় গুলিবিনিময়ে নিহত হন সৈনিক মো. তিতাস শেখ।