
সামাজিক যোগাযোগমাধ্যমে নেশাগ্রস্ত অবস্থায় এক প্রধান শিক্ষকের অশোভন আচরণ ও অসংলগ্ন কথাবার্তার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও সুবিধাও স্থগিত রাখা হয়েছে।
শনিবার শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, ঘটনাটি নজরে আসার পর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকের আচরণ আপত্তিকর, অনৈতিক এবং আইনবহির্ভূত। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও মনে করছে সরকার।
এ কারণে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাশাপাশি নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার এমপিওভুক্ত বেতন-ভাতার সরকারি অংশও স্থগিত থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।