
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলার একটি পুলিশ চেকপোস্টে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আমান মেলা পুলিশ চেকপোস্টে এ হামলা হয়। হামলার পর পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা সংস্থা রেসকিউ ১১২২-এর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
রেসকিউ ১১২২-এর কর্মকর্তারা পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আমান মেলা চেকপোস্টটি ডেরা ইসমাইল খান জেলার সঙ্গে বেলুচিস্তানের রাজধানী কোয়েটাকে সংযুক্তকারী মহাসড়কের কাছে অবস্থিত। হামলায় পুলিশের সদস্যদের পাশাপাশি কাস্টমস বিভাগের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।
এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়ার পুলিশ সদর দপ্তরের ভেতরের একটি মসজিদে জুমার নামাজের সময় গাড়িবোমা হামলা চালানো হয়। ওই আত্মঘাতী হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৭৫ জন আহত হন। নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি সহযোগী শাখা পরে হামলার দায় স্বীকার করে।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের এসব অঞ্চলে সন্ত্রাসী সহিংসতা বেড়েছে। পাকিস্তান সরকার অভিযোগ করে আসছে, দেশটিতে হামলা চালানো জঙ্গিদের আফগান ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। তবে কাবুলের তালেবান প্রশাসন শুরু থেকেই ইসলামাবাদের এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: ডন