
রপ্তানি বহুমুখীকরণ, পরিবেশবান্ধব শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে এ বিষয়ে পৃথক চুক্তি করেছে ব্যাংকটি। চুক্তির আওতায় রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রির জন্য ১ হাজার কোটি টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে আরও ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন সুবিধা রয়েছে।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে রপ্তানিমুখী শিল্প, যোগ্য গ্রিন ফ্যাক্টরি ভবন, পরিবেশবান্ধব শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগে অর্থায়ন করতে পারবে এনআরবি ব্যাংক।
এই অর্থায়ন সুবিধা রপ্তানি নীতি ২০২৪-২০২৭-এর সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ও বিশেষ উন্নয়ন খাতের আওতাভুক্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও উদ্যোগের জন্য প্রযোজ্য হবে।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. রশিদুল হুদাসহ বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।