
দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত বেড়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে একই দিন সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। অর্থাৎ এই মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকায়।
অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা এখন বিক্রি হবে ৩ হাজার ২০৮ টাকায়।