
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গানভরের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ করা প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাংলাদেশে এসেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১২ মিনিটে সামিটের টার্মিনালে নোঙর করা ‘এলএনজি জেনেভা’ জাহাজ থেকে এলএনজি খালাস শুরু হয়।
কার্গোটিতে মোট ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি রয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে বাংলাদেশের করা ১৩ বছর মেয়াদি চুক্তির আওতায় মোট ১১৭টি কার্গো এলএনজি আমদানি করা হবে। চুক্তি অনুযায়ী, চলতি বছর দেশে আসবে পাঁচটি কার্গো।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চুক্তির প্রথম কার্গো নিয়ে ‘এলএনজি জেনেভা’ বাংলাদেশে পৌঁছেছে।
পেট্রোবাংলা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল থেকেই কার্গো থেকে এলএনজি খালাসের কার্যক্রম শুরু হয়। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গানভরের সরবরাহ করা এটিই প্রথম এলএনজি কার্গো।
এর আগে, ১৪ সেপ্টেম্বরও একটি এলএনজি কার্গো দেশে এসেছিল। পরপর দুটি কার্গো আসায় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
চলতি মাসে মোট ৯টি এলএনজি কার্গো আসার নিশ্চয়তা পাওয়া গেছে। এর মধ্যে আরামকোর দুটি এবং ব্রিটিশ পেট্রোলিয়াম ও পস্কোর একটি করে মোট চারটি কার্গো ইতোমধ্যে দেশে পৌঁছেছে। ১৭ সেপ্টেম্বর গানভরের একটি কার্গো এসেছে। এরপর ১৮ সেপ্টেম্বর আরামকো, ২৩ সেপ্টেম্বর টোটালএনার্জি, ২৫ সেপ্টেম্বর আরামকো এবং ২৮ সেপ্টেম্বর গানভর থেকে আরও চারটি কার্গো আসার কথা রয়েছে।
এদিকে, ১৭ সেপ্টেম্বর রাত ৮টার সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬০৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৬১২ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৯৯৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে।